ভারতীয় সাবেক ক্রিকেটার বাবার ছেলে খেললেন ইংল্যান্ডের হয়ে

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৯:১৯ এএম

ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিংহের (সিনিয়র) ছেলে হ্যারি সিংহ খেললেন ইংল্যান্ডের হয়ে। তার ছেলে হ্যারি দ্বাদশ ফিল্ডার হিসেবে ফিল্ডিং করলেন শ্রীলঙ্কার বিপক্ষে। ২০২২ সালে হ্যারি ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন। এবার সিনিয়র দলে দ্বাদশ ব্যক্তি হিসেবে জায়গা করে নিলেন। 

১৯৮৬ সালে ভারতের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন রুদ্র প্রতাপ। নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। সেখানে ল্যাঙ্কাশায়ারের হয়ে কোচিংও করান রুদ্র প্রতাপ।

ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯টি ম্যাচ খেলেছেন হ্যারি। লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ২১টি ম্যাচ। ঘরোয়া ক্রিকেটে ১৫২০ রান রয়েছে তার, সর্বোচ্চ ১৪১।

হ্যারির বাবা শেষ বার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন ১৯৯১ সালে। মধ্যাঞ্চলের হয়ে দলীপ ট্রফি খেলেছিলেন রুদ্র প্রতাপ। এয়ার ইন্ডিয়া এবং উত্তরপ্রদেশের হয়েও ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন তিনি।

ল্যাঙ্কাশায়ারের হয়েই খেলেন হ্যারি। সেই দলের হয়ে ওপেন করেন তিনি। হ্যারি অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার পর রুদ্র প্রতাপ বলেছিলেন, 'কিছু দিন আগে আমরা একটা ফোন পাই ইসিবি-র থেকে। সেখানে বলা হয় ইংল্যান্ডের যে অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে খেলবে, সেই দলে নেওয়া হয়েছে হ্যারিকে।' 

দক্ষিণ এশিয়ার বহু ক্রিকেটার এবং অনেক ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের হয়ে যুব দলে খেলেছেন। রুদ্র প্রতাপ জানতেন সেখান থেকে সিনিয়র দলে সুযোগ পাওয়া খুব কঠিন লড়াই। তিনি বলেছিলেন, 'সহজ হবে না। প্রচুর রান করতে হবে। অনেক ক্রিকেটারকে দেখেছি ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে, কিন্তু আসল সময় ব্যর্থ হয়। হ্যারিকে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়ে দেখাতে হবে।'

বাবার আশা আংশিকভাবে পূর্ণ করেছেন হ্যারি। শ্রীলঙ্কার বিপক্ষে সিনিয়র দলের সঙ্গে সাজঘর ভাগ করে নিচ্ছেন। দরকারে ফিল্ডিং করছেন। আগামী দিনে হয়তো মূল দলেও ঢুকে পড়বেন। প্রথম একাদশেই দেখা যাবে হ্যারিকে।

রুদ্র প্রতাপের বয়স ৫৯ বছর। তার মেয়েও ক্রিকেট খেলতেন। পরে যদিও তিনি মেডিসিন নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। হ্যারি খেলা শুরু করে আট বছর বয়সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত