কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
প্লাবিত গ্রামগুলো হলো বুড়বুড়িয়া, খাড়াতাইয়া, নানুয়ার বাজার, কিং বাজেহুরা, মিথিলাপুর, শিকারপুর, মহিষমারা, ইছাপুরা, পয়াত, গাজীপুর, কণ্ঠনগর, মাওরা, গোপীনাথপুর, জগৎপুর ও গোসাইপুর।
বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশরী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বুড়িচংয়ের বুরবুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পর প্রবল স্রোতে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে বুড়িচং উপজেলার বাড়িঘরে। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু রাত ১২টার দিকে বাঁধের অন্তত ৩০ ফুট জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, গত দুই দিনে পানি বৃদ্ধির হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে পানি বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার অতিক্রম করে। এর আগে ১৯৯৭ সালে নদীটিতে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল।
