বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় কর্মরত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার নানা বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করেছি। এর মধ্যে ব্যবসা, বাণিজ্য, সম্পর্ক সব কিছুই আলোচনায় এসেছে। অর্থনৈতিক ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে তা আলোচনায় উঠে এসেছে। একই সঙ্গে পরস্পরের ওপর শ্রদ্ধাবোধ রেখে আমাদের মধ্যে যে সম্পর্ক তা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে।

পাশাপাশি আমাদের আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। মোট কথা পুরো দক্ষিণ এশিয়ার অঞ্চলের সার্বিক উন্নয়নে আমরা কি করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত