বয়স মাত্র ১৭ বছর। এরই মধ্যে বিশ্বের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন ব্রাজিলের এস্তেভাও উইলিয়ান। দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য ব্রাজিলে তাকে ডাকা হয় ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি নামে।
দারুণ প্রতিভাবান উইঙ্গার এস্তেভাও এবার ডাক পেয়েছেন ব্রাজিল জাতীয় দলে।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল আগামী ৬ সেপ্টেম্বর ইকুয়েডর এবং চার দিন পর ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য এস্তেভাওকে নিয়ে শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ জুনিয়র দরিভাল।
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের একাডেমি থেকে গত বছরের ডিসেম্বরে মূল দলে অভিষেক হয় এস্তেভাও৷ এর। এখন পর্যন্ত ২১ ম্যাচে তার গোল ৫টি।
বার্সেলোনা, বায়ার্ন, পিএসজির মতো ক্লাবের সঙ্গে লড়াইয়ে জিতে গত জুনে এস্তেভাও এর সঙ্গে চুক্তি করে চেলসি। আগামী বছরের জুলাইয়ে প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দেবেন তিনি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গোলকিপার এদেরসন।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ছয় নম্বরে আছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
ব্রাজিল দল
গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্স: দানিলো, ইয়ান কুতো, গিলের্মো আরানা, ওয়েন্ডেল, বেরালদো, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনহোস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: রদ্রিগো, এনদ্রিক, এস্তেভাও উইলিয়ান, লুইস হেনরিক, পেদ্রো, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র।
