‘আমরা কারও ওপর প্রতিশোধ নেব না’

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৪ এএম

নরসিংদীতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাড়ে ১৫ বছর একটি দলের ওপর যে রকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের ওপর সেই জুলুম করা হয়নি। কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি, আমরা কারও ওপর প্রতিশোধ নেব না।’

গতকাল শুক্রবার সকালে নরসিংদীর ব্রাহ্মণদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত ১৯ জন পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। অনুষ্ঠানে নিহত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির। ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে পটপরিবর্তনের পর কোন দলের প্রতিশোধ নেওয়ার অধিকার বর্তায়, সবার আগে বর্তাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের। আমরা যদি প্রতিশোধ না নিই, জানিয়ে দিচ্ছি, কাউকে প্রতিশোধ নিতে যে দেব না।

তিনি বলেন, ‘একে একে ১১ জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে তাদের হত্যা করা হয়েছে। আমাদের শত শত কর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে। দুই নয়ন খুলে নেওয়া হয়েছে। গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। কী যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম।’

নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রশিবির সভাপতি তাওহীদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত