নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন।
থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ৪৯ কোটি ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরপর ৫ আগস্ট বিকেলে আড়াইহাজার থানায় ২৫ থেকে ৩০ হাজার দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে চলে যান। এ সময় হামলাকারীরা থানার অস্ত্র ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অজ্ঞাতনামা ২৫-৩০ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে।
