সদ্য কারামুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীকে দেখতে যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩১ নেতাকর্মী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদ্য কারামুক্ত নেতা আসলাম চৌধুরীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুমসহ ৩১ জন আহত হয়েছেন। তার মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।
জানা গেছে, আট বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পান বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির নেতারা একটি মিনিবাসে করে দেখা করতে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে কুমিরা ইউনিয়নের রয়েল গেট ও কিং অব কুমিরার মাঝামাঝি স্থানে গাড়িটির চাকা ফেটে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটিতে থাকা ৩১ নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
