জার্মানিতে উৎসবে ছুরি হামলায় নিহত ৩, গুরুতর আহত ৪

  • জার্মানির সোলিংজেন শহরের ৬৫০ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে
  • উৎসবে আসা লোকজনের ওপর এলোমেলোভাবে ছুরিকাঘাত করে হামলাকারী
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:০১ পিএম

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে একটি উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

পুলিশ জানায়, সোলিংজেন শহরের ৬৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উৎসবের আয়োজন করা হয়, সেখানেই এই হামলা হয়। জার্মানির সবচেয়ে জনবহুল এবং নেদারল্যান্ডের সীমান্তবর্তী উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে সোলিংজেন শহরটি অবস্থিত।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড ওয়েবসাইট জানিয়েছে, শহরের ৬৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উৎসবে অংশ নিতে আসা লোকজনের ওপর এলোমেলোভাবে ছুরিকাঘাত করে হামলাকারী।

বিবিসি জানিয়েছে হামলার পর পুলিশের হেলিকপ্টার শহরের ওপর দিয়ে টহল দিতে শুরু করে। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে প্রায় ৪০টি কৌশলগত যানবাহন মোতায়েন করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলেই আহতদের চিকিৎসা দিতে দেখা গেছে জরুরি কর্মীদের।

এছাড়া সোলিংজেনে সড়ক অবরোধ করে তল্লাশি চালানো হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপত্তার জন্য বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে।

পুলিশের মুখপাত্র আলেকজান্ডার ক্রেস্তাকে স্পিগেলের বরাত দিয়ে বিল্ড আরও জানিয়েছে, ধারণা করা হচ্ছে একজন হামলাকারী হামলাটি চালিয়েছে।

জার্মানিতে মারাত্মক ছুরিকাঘাত এবং গুলি করার ঘটনা তুলনামূলকভাবে বিরল। এই হামলার পর উৎসব উদযাপন বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত