পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয় এসেছে প্রতিপক্ষের ঘরের মাঠে। সেটাও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। প্রায় ড্র হতে যাওয়া ম্যাচে এমন বড় হার মানতেই পারছেন না শাহিদ আফ্রিদি। শেষ দিনের অসাধারণ পারফরম্যান্সে জয়ের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে তিনি কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন পর্যন্ত ড্র হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু শেষ দিনে গতকাল রবিবার দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস অল্প রানে গুটিয়ে দিয়ে জয়ের জন্য লক্ষ্য পেয়েছে মাত্র ৩০ রানের। পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে বাংলাদেশের এটি প্রথম জয়। আর দেশের মাটিতে পাকিস্তানের ১০ উইকেটে প্রথম হার।
পাকিস্তান তাদের একাদশ সাজিয়েছিল ৪ পেসার দিয়ে। দলে কোন বিশেষজ্ঞ স্পিনার ছিল না। কিন্তু ম্যাচের পঞ্চম দিন বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৭ উইকেট। এটাই গড়ে দিয়েছে পার্থক্য। তাই আফ্রিদি মনে করেন, কন্ডিশন সম্পর্কে ধারণাই ছিল না পাকিস্তানের। অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের তিনি কঠোর সমালোচনা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি লিখেন, ‘১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’
এমবাপ্পের বদলি নেমে অভিষেকে গোল এনদ্রিকের