তিন খেলোয়াড়কে ভিসা না দেওয়ায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:১৩ পিএম

ভারতের বেঙ্গালুরুতে চলমান অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ বিশ্ব বিলিয়ার্ডস ও স্নুকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়কে ভিসা দেয়নি ভারত সরকার। তিন খেলোয়াড়ের সঙ্গে এক রেফারির ভিসাও প্রত্যাখান করা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিলিয়ার্ডস ও স্নুকার অ্যাসোসিয়েশনে (আইবিএসএফ) অভিযোগ করেছে পাকিস্তান।

গত শনিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে পাকিস্তানের তিন খেলোয়াড় আহসান রমজান, হাসনাইন আখতার এবং হামজা ইলিয়াসের অংশ নেওয়ার কথা ছিল। পাকিস্তানের বিলিয়ার্ডস ও স্নুকার অ্যাসোসিয়েশনের (পিবিএসএ) কর্মকর্তা আলমগীর শেখ জানিয়েছেন, সঠিক সময়েই ভিসার আবেদন করা হয়েছিল। পাকিস্তানের সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ছাড়পত্রও ছিল। তবু ভারতের হাই কমিশন ভিসা দেয়নি।

সংবাদসংস্থা পিটিআইকে আলমগীর শেখ বলেছেন, ‘আমরা সঠিক সময়ে ভারতীয় হাই কমিশনে আবেদন করেছিলেন। সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়েরও অনুমতি ছিল। কিন্তু আমাদের ভিসা দেওয়া হয়নি। তাই বেঙ্গালুরুতে চলমান টুর্নামেন্টে আমরা যেতে পারিনি। এছাড়া আইবিএসএফ মনোনীত রেফারি নাভিদ কাপাডিয়াকেও ভিসা দেওয়া হয়নি।’

পাকিস্তানের বিলিয়ার্ডস ও স্নুকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতের এই মানসিকতার কঠোর সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য- তরুণ ক্রীড়াবিদদের বিশ্ব মঞ্চ অংশগ্রহণের সুযোগ এভাবে কেড়ে নেওয়া যায় না। তারা আনুষ্ঠানিকভাবে আইবিএসএফ এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত