পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪ হাজার আনসার সদস্যকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
এর আগে গতকাল রোববার চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর থেকে সচিবালয়ের সামনে আন্দোলন করেন আনসার সদস্যরা। আন্দোলনের একপর্যায়ে আনসার সদস্যরা বাধা উপেক্ষা করেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তাঁরা দাবি আদায়ে নানা স্লোগান নিতে থাকেন। পরে তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রথমিকভাবে তাদের দাবি মেনে নেওয়া হলে সচিবালয় থেকে অবরোধ তুলে না নিয়ে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারী আনসার সদস্যরা। এতে সচিবালয় অবরুদ্ধ হয়ে যায়। আটকা পড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। অবরুদ্ধ সমন্বয়কদের ছাড়াতে গেলে গেলে রাতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আটক হন আনসার সদস্যরা।
এ ঘটনায় ৭০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বেশি। সংঘর্ষের পর রোববার রাতেই এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার আশপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
