পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ জুড়ে পুলিশ স্টেশন, রেলওয়ে লাইন ও মহাসড়কের গাড়িতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক বছরের মধ্যে এটিই জাতিগত বিদ্রোহীদের চালানো সবচেয়ে ব্যাপক পরিসরের হামলা।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার ভোর রাতের হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটেছে বড় বড় মহাসড়কগুলোর বাস থেকে শুরু করে মালবাহী ট্রাকগুলোতে। এসব হামলায় ২৩ জন নিহত হয়েছে এবং ১০টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান ও ইরানের মধ্যকার রেললাইন, প্রাদেশিক রাজধানী কোয়েটার সঙ্গে একটি সংযোগ সেতুও বোমা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ। কোয়েটার সঙ্গে রেলওয়ে ট্রাফিক বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ বলছে, রেলওয়ে সেতুতে হামলাস্থলের কাছ থেকে তারা ৬টি মৃতদেহ পেয়েছেন। তবে সেগুলো চিহ্নিত করা যায়নি।
এদিকে রবিবার রাতে বিভিন্ন জায়গায় পুলিশ ও নিরাপত্তা ফাঁড়িগুলোতে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
