ব্যাংক আল ফালাহ অধিগ্রহণের প্রস্তাব শ্রীলঙ্কার

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:১২ এএম

ব্যাংক আল ফালাহর বাংলাদেশের কার্যক্রম, সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার হ্যাট্টন ন্যাশনাল ব্যাংক (এইচএনবি)। পাকিস্তানভিত্তিক ব্যাংকটি নন-বাইন্ডিং প্রস্তাব ইতিমধ্যেই পেয়েছে। এর আগে একই ধরনের একটি প্রস্তাব তারা পেয়েছিল বাংলাদেশের ব্যাংক এশিয়ার থেকে।

সব ধরনের আইন ও বিধিবিধান প্রতিপালন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর দরকারি অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আল ফালাহর পরিচালনা পর্ষদ।

গতকাল সোমবার পাকিস্তানের স্টক এক্সচেঞ্জকে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা এখন পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক আল ফালাহর বাংলাদেশের কার্যক্রম এইচএনবির অধিগ্রহণের বিষয়ে বিধিমোতাবেক অনুমোদন নেওয়ার চেষ্টা করব।’

ব্যাংক আল ফালাহর একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘এই প্রস্তাবের মানে এই নয় যে, বিক্রি করতেই হবে। ব্যাংকের ব্যবস্থাপকরা তাদের কাছে আসা প্রস্তাবগুলো পর্যালোচনা করবেন এবং সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

এদিকে ব্যাংক এশিয়ার একজন নীতিনির্ধারণী কর্মকর্তা জানান, ‘আমাদের সঙ্গে একটি নন-বাইন্ডিং সমঝোতা স্মারকে সই করেছে ব্যাংক আল ফালাহ। ব্যাংকটির সঙ্গে সম্পৃক্ত হতে এর মধ্যেই আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করেছি। এখন এসে আরেকটি ব্যাংক প্রস্তাব দিল, তার অর্থ এই নয় যে, আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে গেছি। ব্যাংক আল ফালাহর সঙ্গে আলোচনা করে সেইমতো আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

চলতি বছরের এপ্রিলে ব্যাংক আল ফালাহর বাংলাদেশের কার্যক্রম অধিগ্রহণের উদ্যোগ নেয় ব্যাংক এশিয়া। এটি শেষপর্যন্ত বাস্তবায়িত হলে, তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশস্থ সম্পদ অধিগ্রহণ করবে ব্যাংকটি।

এর আগে ব্যাংক আল ফালাহর পরিচালনা পর্ষদ ব্যাংক এশিয়ার নন-বাইন্ডিং প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। গত ১৭ এপ্রিল পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জারি করা ব্যাংক আল ফালাহর একটি নোটিসে এসব তথ্য জানানো হয়। এক্ষেত্রে প্রযোজ্য সকল আইন ও প্রবিধান মেনে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দরকারি অনুমোদন পাওয়াসাপেক্ষে চুক্তি করা হবে বলে নোটিসে শেয়ারহোল্ডারদের জানিয়েছে ব্যাংক আল ফালাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত