আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, আহত হাসনাত আব্দুল্লাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা মূলত এখানে জনসমাগম নিয়ন্ত্রণ করতে পারছি না। ওনার আসলে বিশ্রাম দরকার। ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। এখানে জনসমাগম কমছে না, এজন্য তাকে আমরা সিএমএইচে পাঠিয়েছি।
এদিকে, গতকাল দুপুরে হাসনাত আব্দুল্লাহকে দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হাসনাতের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন। এ সময় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসাইনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রবিবার রাজধানীর সচিবালয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন আনসার সদস্য ও বাকিরা শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
