সাংবাদিক শাকিল-রুপা ফের রিমান্ডে

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:২৭ এএম

জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাত দিন ও সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা সাংবাদিক দম্পতির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় এ রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালত থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিল আহমেদ বলেন, সাংবাদিকতা কোনো অপরাধ না। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করেছি। তাদের তিনজনকে বিকেল ৫টার দিকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক, গোলাপ, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শুরু হলে প্রথমে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত। এরপর তিন আসামির রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করে।

শাকিল আহমেদ ও ফারজানা রুপার আইনজীবী বলেন, ‘তারা প্রথিতযশা সাংবাদিক। তারা ঘটনাস্থলে ছিলেন না। পেশাগত দায়িত্ব পালনে তখন অফিসে ছিলেন। ঘটনার ওপর সৃষ্টি করে মামলা। আরেক মামলায় রিমান্ডে ছিলেন। আজকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করেছে। অথচ রিমান্ডে নেওয়ার মতো সাধারণ উপাদানও নেই।’ গোলাপের আইনজীবী বলেন, তিনি অসুস্থ, বাম পায়ে সমস্যা। দাঁড়াতে পারেন না। সপ্তাহে ছয় দিন থেরাপি দিতে হয়। এ ছাড়া হার্টের সমস্যা রয়েছে। রিমান্ড বাতিল করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। গোলাপ ও ফারজানা রুপা আদালতে কথা বলতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীদের প্রতিবাদের মুখে পড়েন এবং কথা বলা বন্ধ করে দেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তাকে গত রবিবার মিরপুর নাখালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত