বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। যে বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে। দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এ সব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের মা, স্ত্রী ও তার মায়ের সাথে দেখা করতে এসেছি। বিএনপি তথা তারেক রহমান শহীদ পলাশের শিশুটির পড়াশোনা ও তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা সবসময় তার পাশে থাকব। খোঁজ-খবর রাখব।
পরে সালাহউদ্দিন আহমেদ ভূঞাপুর বাসস্ট্যান্ড উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
গতকাল বেলা ৩টার দিকে সালাহউদ্দিন আহমেদ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত অপর শহীদ ইমনের বাড়িতে যান। সেখানে ইমনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন।
