দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবরার খান তসরিম। গত রবিবার রাত পৌনে ১০টার দিকে হাইকোর্ট মাজার গেটের সামনে হামলার শিকার হন তিনি। দেশ রূপান্তরকে তিনি জানান, রাতে তিনি টিকাটুলিতে তার এক সিনিয়র আইনজীবীর চেম্বারে যান। সেখান থেকে ফেরার পথে হাইকোর্ট মাজার গেটের সামনে আগে থেকেই তাকে অনুসরণ করতে থাকা চারজন তার ওপর হামলা করে। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার কপালে পাঁচটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি মিরপুর-২-এ তার বাসায় অবস্থান করছেন।
আইনজীবী বলেন, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। মামলা করা নিয়ে শত্রুতাবশত কেউ আমার ওপর হামলা করতে পারে। একটু সুস্থ হলে এ বিষয়ে আইনের আশ্রয় নেব।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ভবনের নিজস্ব চেম্বারে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম হামলার শিকার হন। আহত ও রক্তাক্ত এই আইনজীবী অভিযোগ করেন, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম নামে আরেক আইনজীবী তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
