ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি হাজি আবু তাহেরের ছেলে তারেক আহমেদ অনিককে (৩৪ ) আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার রাত ১১টার দিকে এক ইমেইল বার্তার এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অনিক ঢাকা ৩৮নং ওয়ার্ড যুবলীগের একজন কর্মী। তার নামে বাড্ডা থানাসহ বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জানা যায়, অনিক ঝিনাইদহের মহেশপুর ভারত সীমান্ত দিয়ে পালিতয় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের একটি টহলদল রাত ১০টার দিকে সীমান্তবর্তী মাটিলা গ্রামের মো: জাহাংগীর রহমানের বাঁশ বাগানের মধ্যে অবস্থান নেয়। মোতায়েন করা হয় আরও তিনটি বিশেষ টহলদল। এলাকা তল্লাশি করে করে মাটিলা হামিদুরের মেহগনি বাগানে বিজিবির টহল দল কিলার অনিককে আটক করে।
বিজিবি আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার যুবলীগের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং ঢাকায় সংঘটিত সাম্প্রতিক ছাত্র হত্যা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্মের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
