আগুন নিয়ন্ত্রণের ১৬ ঘণ্টা পরও শুরু হয়নি উদ্ধারকাজ

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম

রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ারের ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণের ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। গত রবিবার রাতে লাগা আগুন সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ঢাকা ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্ণেল রেজাউল করিম।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গাজী টায়ারে উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। সকালে পুলিশের ক্রাইম সিন ইউনিটের পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল কারখানা পরিদর্শন করেন। 

এদিকে ফ্যাক্টরিটিতে এখন পর্যন্ত ১৭৬ জন নিখোঁজের দাবি জানিয়েছেন স্বজনরা। এদিন সকাল থেকেই নিখোঁজদের স্বজনরা কারখানার ভেতরে ও বাইরে এসে ভিড় জমাতে থাকেন। উদ্ধার কাজ শুরু না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাজী টায়ার কারখানায় লুটপাটকে কেন্দ্র করে একটি পক্ষ আগুন লাগিয়ে দেয়। পরে ২১ ঘণ্টা পর সোমবার ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

গন্ধর্বপুর এলাকা থেকে আসা লিপি আক্তার বলেন, রবিবার রাত ৯টার দিকে আমার ছোট ভাই আলামিন তাঁর বন্ধু মাহফুজের সঙ্গে গাজী টায়ার ফ্যাক্টরিতে এসেছিল। এরপর থেকে তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এখনো উদ্ধার কাজ শুরু করেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দীর্ঘসময় ধরে ভবনটিতে আগুন জ্বলার কারণে ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভবনের আগুন নিভে গেলেও ভেতরে ধোয়া ও তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রবেশ করতে পারছেন না। তবে তারা পানি দিয়ে তাপ ও ধোঁয়া কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাপ ও ধোঁয়া কমে গেলে উদ্ধার অভিযান শুরু হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত