বিশ্বের সবচেয়ে দামি গোলকিপারকে কম দামেই পেল লিভারপুল

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:০৬ পিএম

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের দুই দামি গোলকিপার হলেন পর্তুগালের দিয়োগো কস্তা এবং জর্জিয়ার গিওর্গি মামারদাশভিলি। দুজনের বাজারমূল্যই সমান ৪ কোটি ৫০ লাখ ইউরো। এবার মামারদাশভিলিকে দলে ভেড়াল লিভারপুল। গতকাল চুক্তি সাক্ষরের ব্যাপারে দুই পক্ষের সম্মতির খবর জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, ‘গিওর্গি মামারদাশভিলির দলবদলের ব্যাপারে সম্মত হয়েছে লিভারপুল। এখন ওয়ার্ক পারমিট এবং আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়া বাকি। ২৩ বছর বয়সী এ গোলকিপার আগামী মৌসুমে মার্সিসাইডে আসার আগে চলতি মৌসুমের বাকি সময় স্পেনে ভ্যালেন্সিয়া সঙ্গেই থাকবেন।’

মজার ব্যাপার হলো, বাজারমূল্যের চেয়ে বেশ কমেই মামারদাশভিলিকে পাচ্ছে লিভারপুল। দলবদলের এই মৌসুমে প্রথম খেলোয়াড়টি কিনতে তারা ৩ কোটি ইউরো খরচ করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর পাশাপাশি অ্যাড-অনস হিসেবে দিতে হবে আরও ৫০ লাখ ইউরো। এখন ২৩ বছর বয়সী এ গোলকিপারের লিভারপুলে যোগ দেওয়া নির্ভর করছে ইংল্যান্ডে তার ওয়ার্ক পারমিট পাওয়া এবং আন্তর্জাতিক ছাড়পত্রের ওপর।

ভ্যালেন্সিয়ায় এই মৌসুমটা থেকে ২০২৫-২৬ মৌসুমে লিভারপুলে যোগ দেবেন মামারদাশভিলি। বর্তমানে লিভারপুলের এক নম্বর পছন্দ ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। তার পাশাপাশি আছেন আইরিশ গোলকিপার কেভিন কেলেহার। দুজন থাকতেও ভবিষ্যতের কথা ভেবেই মামারদাশভিলিকে কিনতে যাচ্ছে লিভারপুল, যাতে আলিসন বেকারের সম্মতি আছে। সেইসঙ্গে শোনা যাচ্ছে, কেলেহারের ক্লাব ছাড়ার সম্ভাবনা বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত