নতুন ফরম্যাটে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

৩৬ ক্লাব নিয়ে এ মৌসুম থেকে নতুনভাবে মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আজ রাত ১০টায় মন্টে কার্লোতে হবে তার ড্র। আগে ৩২ ক্লাবকে ৮টি গ্রুপে বিভক্ত করে হতো প্রথম পর্ব। এবার তা না করে বরং লিগ পদ্ধতিতে চলবে প্রথম পর্বের খেলা। সেখানে একটি ক্লাব প্রথম পর্বে ম্যাচ খেলবে ৮ ভিন্ন ক্লাবের বিপক্ষে ১টি করে মোট ৮টি। যার ৪টি হোমে ও ৪টি অ্যাওয়েতে।

বেশ সূক্ষ্ম হওয়ায় এবারের ড্রয়ে প্রধান ভূমিকা নিতে দেখা যাবে উয়েফার একটি সফটওয়্যারকে। এই সফটওয়্যার নিশ্চিত করবে নিজ দেশের প্রতিদ্ব›দ্বী ক্লাব যেন নিজেদের মুখোমুখি না হয়। প্রথম পর্বে একটি ক্লাব অন্য কোনো দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। তাতে এবারের চ্যাম্পিয়নস লিগে বড় ক্লাবগুলোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

প্রথম পর্ব : ড্রয়ে ৩৬টি ক্লাবকে তাদের সিডিং অনুযায়ী চারটি পটে রাখা হবে। প্রথম পটে থাকবে শুধু বর্তমান চ্যাম্পিয়ন। এছাড়া বাকি দলগুলোকে ক্লাব কো-এফিশিয়েন্ট স্ট্রেন্থ পয়েন্ট অনুযায়ী সিডিং করা হয়েছে। প্রতিটি ক্লাব ৪টি পটের দুটি করে ক্লাবের মুখোমুখি হবে। ধরা যাক, পট থেকে একটি ক্লাবের নাম উঠল। এর পর সফটওয়্যার ঠিক করে দেবে সেই ক্লাবটি কোন ৮টি ক্লাবের বিপক্ষে খেলবে এবং হোম ও অ্যাওয়ে ক্লাব হবে কোন ৪টি।

নকআউট পর্ব : ৩৬ থেকে সেরা ১৬টি ক্লাব নিয়ে গড়াবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব শেষ ১৬। এবার সেরা ১৬টি দল নির্ণীত হবে দুই ধাপে। প্রথম পর্বের লিগ পর্যায় শেষে পয়েন্ট তালিকায় সেরা আটে থাকা ক্লাবগুলো সরাসরি উত্তীর্ণ হবে নকআউট পর্বে। পয়েন্ট তালিকার শেষ আটে থাকা দলগুলো বিদায় নেবে প্রথম পর্ব শেষেই। তারা ইউরোপা লিগের জন্যও বিবেচিত হবে না। আর ৯ থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি ক্লাব দুই লেগের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে। এই প্লে-অফ জেতা আটটি দল যাবে শেষ ১৬-তে।

দুই ধাপে ৮টি করে ১৬টি ক্লাব নিয়ে রাউন্ড অফ সিক্সটিন পর্যায় পরিচালিত হবে আগের নিয়মানুযায়ীই। প্রতিটি নকআউট ম্যাচই হবে দুই লেগের হোম-অ্যাওয়ে পদ্ধতিতে। আর সবশেষ ফাইনাল ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যুতে এক লেগের। যা এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু মিউনিখ।

• প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।

• একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না।

• একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

নতুন ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সংখ্যা ১২৫ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১৮৯টিতে। এবার প্রতিটি ক্লাব সর্বনিম্ন ৮টি থেকে শুরু করে সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলবে। আগে ক্রিসমাস পর্যন্ত লিগ পর্যায় পরিচালিত হতো। এবার ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় তা চলবে জানুয়ারির শেষ অবধি।

এবারের ৩৬টি ক্লাব হলো
পট ১: রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, লিভারপুল, ইন্তার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও বার্সেলোনা।
পট ২: বেয়ার লেভারকুসেন, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, জুভেন্তাস, বেনফিকা, আর্সেনাল, ক্লাব ব্রুজ, শাখতার দোনেৎস্ক ও এসি মিলান।
পট ৩: ফেয়েনুর্দ, স্পোর্টিং সিপি, পিএসভি, জিএনকে ডায়নামো, সলজবুর্গ, লিঁল, ক্রেভেনা জেজদা, ইয়ং বয়েজ, ও সেলটিক। 
পট ৪: স্লোভান ব্রাতিসলাভা, মোনাকো, স্পার্তা প্রাগ, অ্যাস্টন ভিলা, বোলোগনা, জিরোনা, স্টুটগার্ট, স্টুর্ম গ্রাজ ও ব্রেস্ট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত