গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গুজরাটে। বাঁধ উপচে পানির নীচে তলিয়ে গেছে হাজার হাজার ঘর-বাড়ি। বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতে আবার কুমিরের উপদ্রব দেখা দিয়েছে লোকালয়ে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বন্যা পরিস্থিতির মধ্যেই গুজরাটের ভদোদোরায় এখন নতুন আতঙ্ক হয়ে উঠেছে কুমিরের হানা। সম্প্রতি ডুবে যাওয়া একটি বাড়ির ছাদের ওপর কুমিরের ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এছাড়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পরিমল নাথওয়ানি নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, পানিতে ডুবে আছে ঘর-বাড়ি। আর সেই পানিতেই ঘুরে বেড়াচ্ছে কুমির। মুখে মৃত প্রাণী নিয়ে কোনও বাড়ির পাঁচিল টপকাচ্ছে। বাসা-বাড়ির এত কাছে কুমিরের উপস্থিতিতে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, বন্যার কারণে প্লাবিত হয়েছে বিশ্বমতী নদী। তাই পানিতে ভেসে লোকালয়ে ঢুকে পড়েছে কুমির। সে কারণে ভয়ে ভয়ে দিন কাটছে ভদোদরাবাসী। এদিকে কেবলমাত্র একটি কুমিরই নয়। এলাকায় একাধিক কুমির নজরে এসেছে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিতে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত চারদিনেই রাজ্যটিতে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবারেও রাজ্যের ১১ টি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পানির নীচে ঘর-বাড়ি। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে কুমির আতংকও।
আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ, যা করবেন বাংলাদেশিরা