জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নৌকায় ভোট চাওয়া কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন ও এসআই আতিকুল ইসলামসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান।
এর আগে গত মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লা ৫ নং আমলী আদালতে বাদী হয়ে মামলা করেন উপজেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক রফিক (৫৯)। তিনি উপজেলার পৌরসদরের হরিপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে।
কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতের বিচারক মো. আবু বকর ছিদ্দিক মামলাটি আমলে নিয়ে নাঙ্গলকোট থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ চালায় আসামিরা। এ সময় মামলার বাদী প্রতিবাদ করলে নাঙ্গলকোট থানার সাবেক ওসি ফারুক আহমেদ ও এসআই আতিকুল ইসলাম বাদীকে জোরপূর্বক থানায় নিয়ে আটক করে রাখে। দীর্ঘ ২ বছর পর বাদী থানার সাবেক ওসি ও এসআইসহ ৬৬ জন আওয়ামী লীগের নেতাকর্মী নামে ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গলকোটে নৌকার জন্য ভোট চেয়েছিলেন ওসি মো. ফারুক হোসেন। স্থানীয় সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ওসির ভোট চাওয়ার ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে ১৭ আগস্ট ওসি মো. ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়।
‘শ্বেতপত্র কমিটি দুর্নীতি ধরবে না, দুর্নীতির মাত্রা তুলে ধরবে’