ভারতে মরদেহ উদ্ধার

শ্বাসরোধে হত্যা করা হয় আ.লীগ নেতা পান্নাকে

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:০৮ এএম

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ পাওয়া গেছে ভারতের মেঘালয়ে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশের সূত্র দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে।

গত বুধবার (২৮ আগস্ট) ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে মেঘালয় রাজ্য সরকার। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যমগুলোতেও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।

পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, তিনি শ্বাসরোধের কারণে মারা গেছেন “মৃত্যুর কারণ শ্বাসরোধের কারণে শ্বাসকষ্ট”। মরদেহ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

পোস্টমর্টেম রিপোর্ট বলছে, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এছাড়াও তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালে ঘর্ষণ এবং ক্ষতের চিহ্ন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত