ইসরায়েলে মার্কিন নীতি পাল্টাবে কিনা জানালেন কমলা

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:২৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলকে অস্ত্র দেওয়ার নীতি পরিবর্তন করবেন না কমলা হ্যারিস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধের জন্য প্রগতিশীলদের আহ্বানের কথা তুলে ধরে সিএনএন কমলা হ্যারিসকে প্রশ্ন করে, তিনি ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে বাইডেনের চেয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি নেবেন কিনা? জবাবে কমলা হ্যারিস বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা ও আত্মরক্ষার সক্ষমতার প্রতি আমার অঙ্গীকার দ্ব্যর্থহীন ও অবিচল এবং এতে কোনো পরিবর্তন হবে না।’

‘আসুন আমরা এক ধাপ পিছিয়ে যাই। ৭ অক্টোবর ১২০০ মানুষকে হত্যা করা হয়, অনেক তরুণ যারা কেবল একটি সঙ্গীত উৎসবে যোগ দিয়েছিল। নারীদের ভয়াবহভাবে ধর্ষণ করা হয়েছে। আমি তখনও বলেছি, আজকেও বলছি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে,’ বলেন ভাইস প্রেসিডেন্ট। 

এই সপ্তাহে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনা অব্যাহত ছিল, যদিও দুটি মূল করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মতবিরোধ রয়ে গেছে।

আট আমেরিকান জিম্মির পরিবারের সঙ্গে দেখা করেছেন উল্লেখ করে হ্যারিস জোর দিয়ে বলেন, ‘এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে এবং অবশ্যই জিম্মিদের বের করার বিষয়ে একটি চুক্তি করতে হবে।’ 

‘আমি ৮ অক্টোবর থেকে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের যা করা উচিত তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ইসরায়েল নিরাপদ থাকবে এবং সমানভাবে ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং আত্মনিয়ন্ত্রণ এবং মর্যাদা থাকবে,’ যোগ করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী।

গত সপ্তাহে ডিএনসির ভাষণে কমলা হ্যারিস প্রতিশ্রুতি দেন তিনি যদি নভেম্বরের নির্বাচনে নির্বাচিত হন, তাহলে ইসরায়েল আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সমর্থন পাবে। ‘আমি স্পষ্ট করে বলতে চাই আমি সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব এবং আমি সবসময় নিশ্চিত করব যে ইসরায়েলের আত্মরক্ষার ক্ষমতা রয়েছে,’ বলেন তিনি।

উল্লেখ্য, হ্যারিস ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ইসরায়েল সম্পর্কে বাইডেন প্রশাসনের নীতি থেকে প্রকাশ্যে বিচ্যুত হননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত