বাংলাদেশ এখন রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট শেষেই যাবে ভারতে। সেই সিরিজ শুরুর আগে হঠাৎই রোহিত শর্মাদের চিন্তা বাড়ল সূর্যকুমার যাদবকে নিয়ে। বুচি বাবু ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে নেমে চোট পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছে তাকে। ম্যাচে আর অংশ নিতে পারবেন কি না তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
গ্রুপ পর্বে মুম্বাইয়ের তৃতীয় তথা শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সূর্য। টিএনসিএ একাদশের বিপক্ষে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে টিএনসিএ-র ৩৭৯ রানের জবাবে মুম্বাই করে ১৫৬। সূর্য করেন মাত্র ৩০ রান। বোলিংয়ের সময় একটি বল বিপজ্জনক ভাবে বিপক্ষ ব্যাটারের গায়ে লাগায় ক্ষমাও চান।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করতে নেমেছিলেন সূর্য। লেগ স্লিপে দাঁড়িয়ে ছিলেন। মুশির খানের লেগ স্টাম্পে করা একটি বল টিএনসিএ-র প্রদোষ রঞ্জন পল লেগ স্লিপের দিকে ঠেলে দেন। সূর্যের ডান দিক দিয়ে বল যাচ্ছিল। তিনি ঝাঁপিয়ে পড়ে দুই হাত দিয়ে সেই বল ধরতে যান।
বল সূর্যের নাগাল এড়িয়ে বেরিয়ে গেলেও, ভারতীয় ক্রিকেটার মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন। বলের দ্বারা আঘাত পেয়েছেন বলে মনে হয়নি। কোনোভাবে ঝাঁপ দেওয়ায় গন্ডগোল হয়েছিল বলে চিকিৎসকদের অনুমান। মাঠে এসে চিকিৎসকেরা পরীক্ষা করলেও সূর্য মাঠ ছেড়ে কিছুক্ষণ পরে বেরিয়ে যান। আর ফেরেননি।
মুম্বাই এখনও আনুষ্ঠানিকভাবে সূর্যের কোনো খবর জানায়নি। দীলীপ ট্রফিতে তিনি অংশ নিতে পারেন কি না, তা নিয়ে আপাতত জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দেওয়ার কথা সূর্যের। তিনি সুস্থ না হলে অন্য কাউকে অধিনায়ক বাছতে হবে নির্বাচকদের।
১৪ মাস পর ফিরেই উইকেট তাসকিনের
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, শরিফুলের জায়গায় তাসকিন
উইকেটের পর অদ্ভুত উদযাপনে ভাইরাল ক্যারিবিয়ান নারী ক্রিকেটাররা