মাঠ বানাতে নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই, বললেন ফারুক

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম

পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব অর্থায়নে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ‘দ‌্য বোট’। এই স্টেডিয়ামকে ঘিরে দুটি মাঠসহ পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার জন্য ২০১৯ সালে ১০ লাখ টাকায় ৩৭ একর জমি পায় বিসিবি। করোনা মহামারিসহ নানা কারণে গত পাঁচ বছরে স্টেডিয়ামের নির্মাণকাজের তেমন কিছুই এগোয়নি। দুটি টার্ফের উইকেটসহ মাঠ রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প কার্যালয় নির্মাণে প্রায় দুই কোটি টাকা সেখানে বিসিবি ব্যয় করেছে বলে জানা গিয়েছিল।

আজ শনিবার স্টেডিয়ামটি পরিদর্শনেও গেছেন ফারুকসহ বিসিবির কয়েকজন পরিচালকরা। পরিদর্শনকালে বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। পূর্বাচলের সাড়ে ৩৭ একর জমি ঘুরে দেখে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দুটি খেলার মাঠ বানানোর কথা বলেছেন ফারুক আহমেদ। স্টেডিয়ামের নাম ও নকশাও যে বদলে যাবে, বলেছেন সে কথাও।

পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমে ফারুক বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’

পূর্বাচলের মাঠ পরিদর্শনকালে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। ছবি: দেশ রূপান্তর

ফারুক পরে যোগ করেন, ‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট—অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’

নাজমুল হোসেনের আগের বোর্ড পপুলাস নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক নিয়োগ দিয়েছিল। তাদের সঙ্গে কথা বলেই যত দ্রুত সম্ভব মাঠের কাজ শুরু করতে চান ফারুক, ‘আমি আগেই উল্লেখ করেছি, কনসালটেন্সিতে আমাদের টাকা ইনভেস্ট হয়েছে। ওটাকে ধরেই বড় কোনো পরিবর্তন না করে…আপনি তো একদিনে সব করতে পারবেন না। মাঠ, ড্রেসিংরুম…আমি ওদের প্ল্যানটা পুরোপুরি দেখিনি। এটা নিয়ে আমার কথা বলাটাও ঠিক হবে না। ওই প্ল্যানটা দেখে, ড্রইং দেখে ওদের সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব।’

পূর্বাচলের মাঠ পরিদর্শনকালে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। ছবি: দেশ রূপান্তর

স্টেডিয়ামে নৌকার প্রতিকৃতি থাকবে কি না, এ প্রসঙ্গে বোর্ড সভাপতির বক্তব্য, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’

স্টেডিয়ামের নাম যে ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ থাকছে না, সে আভাসও আছে ফারুক আহমেদের কথায়, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত