সাকিবের ফাঁদে বাবর, দ্বিতীয় সেশন বাংলাদেশের

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৪:৫২ পিএম

দুর্দান্ত ডেলিভারি! বলে ফ্লাইট দিয়ে ঝুলিয়ে ছেড়েছিলেন সাকিব আল হাসান। বাবর আজম পেছনে পায়ে খেলতে গিয়ে ফাঁদে ফেঁসেছেন। বলটা তার প্রত্যাশামতো টার্ন করেনি। আর্ম বল! বাবরের ব্যাটকে ফাঁকি দিয়ে বলটা আঘাত হেনেছে প্যাডে। আউটের আবেদন করতেই আঙুল তুলেছেন আম্পায়ার। বাবরও রিভিউ নেননি।  ৭৭ বলে ৩১ রান করে আউট হলেন বাবর।

বাবরকে আউট করার দুই বল পরই আরেকটি উইকেটের দেখা পেতে পারতেন সাকিব। আগা সালমান তাকে সামনের পায়ে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো বল পাননি। ব্যাটের ভেতরের কানায় বল লেগে শর্ট লেগে ওত পেতে থাকা জাকির হাসানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ডাইভ দিয়েও ধরতে পারেননি।

দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ৮৪ রান দিয়ে ৪ উইকেট। বাংলাদেশের বোলাররা এই সেশনে পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে ফেলে উইকেট আদায় করে নিয়েছেন। প্রথম ওভারে ২৫ ওভার বোলিং করে ৯৯ রানে ১ উইকেট নেওয়ার তুলনায় দ্বিতীয় সেশনকে সফল বলাই যায় বাংলাদেশের জন্য।

এই সেশনে শঙ্কার বিষয় মুশফিকুর রহিম। ৫৩তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পেয়েছেন মুশফিক। ফিজিও গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে মাঠের বাইরে নিয়ে যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত