ক্যারিয়ারের ৩৪ নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৩ রানের ইনিংস। এর মাধ্যমে স্যার অ্যালিস্টার কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন রুট। ঠিক সেই মুহূর্তে বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ধারাভাষ্যে অ্যালেস্টার কুক প্রশংসায় ভাসিয়ে দিলেন তার উত্তরসূরীকে।
৩৪ সেঞ্চুরি করতে রুটের লেগেছে ২৬৫ ইনিংস। এর আগে কুক ২৯১ ইনিংসে ৩৩ সেঞ্চুরি করেছিলেন। সেঞ্চুরির চূড়ায় ওঠার পর ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট রানের মালিক হওয়া তার কাছে স্রেফ সময়ের ব্যাপার। কুকের ১২ হাজার ৪৭২ রানের রেকর্ড ছাড়িয়ে যেতে রুটের প্রয়োজন আর ৯৬ রান। তাই লর্ডসে জোড়া সেঞ্চুরির পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ঘোষণা দিলেন, রুটই ইংল্যান্ডের সবসময়ের সেরা ব্যাটসম্যান।
কুকের ভাষায়, ‘সে অবধারিভাবেই ইংল্যান্ডের সর্বকালের সেরা। এই রেকর্ডটি তার নিজের করে নেওয়াই একদম উপযুক্ত। আমরা একজন জিনিয়াসকে দেখছি। জো রুট যে ধরনের একটা অনুভূতি ছড়িয়ে দেয় যে, অবধারিতভাবে সে রান করতেই, আমার মনে হয় না আর কোনো ব্যাটসম্যানকে এতটা নিশ্চয়তা নিয়ে খেলতে দেখেছি। আজকে তার রান যখন ৬, তখনই বলেছি যে, সে সেঞ্চুরি করবে। জানি, সে খুব ভালো ফর্মে আছে। তবে এমনিতেই এমন একজন মাস্টার ও কারিগরকে তার কাজ করতে দেখাটা দারুণ তৃপ্তির।’
রুটকে প্রথম দেখার স্মৃতিচারণ করে কুক বলেন, ‘সে স্কয়ারে বলই পাঠাতে পারছিল না। সবাই বলাবলি করছিল, সে ভালো ব্যাটসম্যান। কিন্তু আমার তেমন কিছু মনে হয়নি। একমাত্র দেখার ব্যাপার ছিল, প্রথমবার ব্যাট করতে নেমে সে কীভাবে সামলায়। ইংল্যান্ডের ক্যাপ মাথায় সে ব্যাট করতে নামল, দেখে মনে হচ্ছিল ১৩ বছর বয়সী কেউ, মুখে ছিল চওড়া হাসি। প্রথম কয়েকটি বল তাকে খেলতে দেখেই মনে হলো, এই ছেলে থাকতেই এসেছে। বলেছিলাম, সে ১০ হাজার রান করবে। তবে মনে করতে পারছি না কাকে এটা বলেছিলাম।’
আগের ওভারে জীবন পেয়ে পরের ওভারেই ফিরলেন জাকির
এমবাপ্পেহীন পিএসজি নিয়েও সন্তুষ্ট এনরিকে
৮ উইকেটের মাঝে ৪ ক্যাচ ড্রপ