দেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না, সেটা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম একদম হতাশাব্যাঞ্জক না। লোকজনের জন্য বাজার যেন আরও সুখকর হয়; আমরা সেটা নিশ্চিত করতে কাজ করছি।
রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নিত্যপণ্যের দাম কমানোর জন্য উৎপাদন খরচ ছাড়াও অন্যান্য ফ্যাক্টর থাকে। মানুষ চেষ্টা করবে একটু বেশি দামে বিক্রি করতে। কিন্তু এখন আর সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না। এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না।
পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার নিয়ে উপদেষ্টা জানান, ডিম ও মাংস উৎপাদনকারীদের বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে। উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে আমরা বলেছি সেগুলো দেখবো। ট্যাক্স ও ট্যারিফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি বিপণন অধিদপ্তর নিয়মিত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে জানিয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশন বাজার মনিটরিং করবে। উৎপাদনকারীরা বলেছেন তারা উৎপাদন বাড়াবেন। আবার বিপণনেরও কিছু মিস ম্যানেজমেন্ট রয়েছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
এসময় বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. রেয়াজুল হক উপস্থিত ছিলেন
শিশু ওয়ার্ড: চিকিৎসক নেই, রোগীদের নিয়ে উদ্বিগ্ন নার্সরা
বিএসএমএমইউর নতুন কোষাধ্যক্ষ ডা. নাহরিন আক্তার