বাংলাদেশে জমি কেনা-বেচা বিষয়টি সতর্কতার সাথে না করা হলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু, আবার নানা ধরণের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটে প্রায়শই।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভূমি সম্পর্কিত যেসব আইন রয়েছে তা অত্যন্ত জটিল হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের পক্ষে এসব বিষয়ের যথার্থতা বোঝাটা কঠিন হয়ে পড়ে। একই সাথে দলিলপত্র যাচাই করার প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং জটিল হওয়ার কারণেও অনেক ক্ষেত্রেই বিষয়টি সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে চলে যায়।
আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন ছাড়াও জমি বেচাকেনার ক্ষেত্রে প্রতিটি ধাপে আলাদা আলাদা প্রক্রিয়া থাকার কারণে এই প্রক্রিয়ায় যেসব কাগজপত্র দরকার হয় সেগুলো সাধারণ মানুষের পক্ষে চেনা সম্ভব হয় না। যার কারণে যথার্থতা ধরাও কঠিন। আর এ কারণেই অনেকে প্রতারণার শিকার হন।
২০১৪ সালে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা রবিউল ইসলাম খান একটি হাউজিং কোম্পানীর কাছ থেকে ৫ শতাংশ জমি কিনেছিলেন। কিন্তু কাগজপত্রে তার নামে ৫ শতাংশ জমি রেজিস্ট্রেশন করে দেয়া হলেও জমি দখল নেয়ার সময় ৪.৫ শতাংশ জমির দখল পেয়েছেন। বাকি জমির দখল তিনি এখনো পাননি বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, ওই হাউজিং কোম্পানি তাকে কম পরিমাণ জমি বেশি দেখিয়ে রেজিস্ট্রেশন করিয়েছে যা তিনি বুঝে উঠতে পারেননি।
২০১৭ সালে বাগেরহাটে একটি জমির বায়না বাবদ পাঁচ লাখ টাকা দিয়েছিলেন সাইদুর রহমান। তবে ওই জমির মালিকের বাবা মারা যাওয়ার পর তার ওয়ারিশদের মধ্যে ঝামেলার কারণে ওই জমি আর সাইদুর রহমানকে রেজিস্ট্রেশন করে দিতে পারেননি তিনি।
জমি সংক্রান্ত বিষয়ে শেষমেশ এ মামলা দায়ের করতে বাধ্য হয় সাধারণ মানুষ। তবে জমিজমা নিয়ে মামলার বিচার শেষ হওয়াটাও দীর্ঘ প্রক্রিয়া। আইনজীবিরা বলছেন, ভূমি বিষয়ক কোন মামলা নিষ্পত্তি হতে গড়ে ১৭ বছর সময় লাগে।
আইনজীবীদের পরামর্শ, জমি কেনার আগে সব কিছু যাচাই করে নেয়াটা জরুরি। কোন ধরনের প্রলোভনে পড়ে জমি কেনা যাবে না। এছাড়া ভূমি বেচাকেনার ক্ষেত্রে প্রতারণার শিকার না হওয়ার জন্য ওই জমির সম্পর্কিত সব নথি একজন আইনজীবীর সহায়তায় পরীক্ষা করিয়ে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ জমির অবস্থান ও মালিকানা ভিত্তিতে একেক ধরণের জমির নথি একেক রকম হয়।
তবে এরপরও কিছু বিষয় রয়েছে যা সম্পর্কে সতর্ক থাকা দরকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এগুলো হচ্ছে-
১. দলিল
আইনজীবীরা বলেন, ভূমি সম্পর্কিত দলিল নকল হওয়াটা খুব সহজ বিষয় নয়। কারণ ভূমি সম্পর্কিত লেনদেনের প্রতিটি পর্যায়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে যদি কোন দলিল দেখে সন্দেহ হয় সেক্ষেত্রে ওই দলিল ঠিক আছে কিনা তা যেকোন আইনজীবীকে দিয়ে দেখিয়ে নেয়া যেতে পারে।
এছাড়া প্রতিটি জেলার সাব-রেজিস্ট্রার অফিস থেকে যেকোনো জমির রেজিস্ট্রেশন সম্পর্কে যেকোনো তথ্য জানা যাবে। তবে এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের সহায়তা নেয়াটাই যৌক্তিক বলে মনে করেন তিনি।
মিউটেশনের সময় জাল রেকর্ড হতে পারে উল্লেখ করে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ জানান, 'যার কাছ থেকে জমি কেনা হবে, রেকর্ড বা খতিয়ান তার নামে হালনাগাদ করা আছে কিনা সেটি দেখতে হবে। অর্থাৎ যার কাছ থেকে জমি কেনা হবে সেই জমি মিউটেশন বা তার নামে নামজারি করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে।'
এ সম্পর্কিত তথ্য তফসিল অফিস বা এসিল্যান্ড অফিস থেকে পাওয়া যাবে। সাব-রেজিস্ট্রারের দপ্তর থেকে কোন জমির অতীতের তথ্য জানতে চাইলে সেটিও জানা সম্ভব। তবে এর জন্য আবেদন করার পর কয়েক দিন সময় লাগবে।
২. অনুমতিপত্র
আইনজীবীরা বলছেন, কোনো জমি নিষ্কণ্টক কিনা তা যাচাই করতে কী ধরনের নথি দরকার হবে সেটি আসলে জমির অবস্থান কোথায় তার উপর নির্ভর করবে। এক্ষেত্রে একেক জমি এবং সেটির মালিকানার ধরনের উপর নথির চাহিদা ভিন্ন হয়।
যেমন, জমি রাজউকের অধীনে থাকলে আলাদা নথি, গণপূর্তের অধীনে থাকলে আলাদা নথি, ব্যক্তি মালিকানার হলে আলাদা নথি, কোন সোসাইটির অধীনে হলে আরেক ধরনের নথি দরকার হয়। আর প্রতিটি ক্ষেত্রেই এসব নথির তালিকা বেশ লম্বা হয়।
তবে, কোন জমি যদি রাজউকের আওতাভূক্ত হয় তাহলে সেটি বিক্রি করতে হলে এই সংস্থাটির কাছ থেকে একটি বিক্রির অনুমতিপত্র নিতে হয়। জমি কেনার আগে এই অনুমতিপত্রটি আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। তবে এই জমি যদি ব্যক্তিমালিকানার হয়ে থাকে তাহলে এই অনুমতিপত্রের দরকার হবে না।
এছাড়া যেসব জমি গণপূর্তের অধীনে পড়ে সেগুলোও বিক্রি বা হস্তান্তর করতে হলে সব ধরনের দলিলপত্র, খতিয়ান, খাজনার কপি, মিউটেশন বা রেকর্ডের নথির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়।
৩. খাজনার কপি
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ জানান, যার কাছ থেকে জমি কেনা হবে তিনি নিয়মিত ওই জমির খাজনা পরিশোধ করেছেন কিনা সেটি ক্রেতাকে খতিয়ে দেখতে হবে। খাজনার হালনাগাদ কপি জমির মালিকের কাছেই থাকে।
৪. দখল
কোন জমি কেনার সিদ্ধান্ত নেয়ার পর তার দাম নির্ধারণের পাশাপাশি সরাসরি গিয়ে ওই জমির দখলের বিষয়টি নিশ্চিত করতে হবে। আইনজীবীরা বলছেন, বাংলাদেশের ক্ষেত্রে জমির দখল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
আইনজীবীদের মতে, প্রায়ই অভিযোগ আসে যে, দলিলপত্রে যে পরিমাণ জমি দেখানো হয় পরে তার দখল নিতে গিয়ে সে পরিমাণ জমি পান না ক্রেতারা। এ কারণেই জমি কেনার সময় দলিলের সাথে সাথে জমির দখলও বুঝে নিতে হবে। আর এর জন্য কেনার আগেই সেই জমিটি পরিমাপ করে দেখা, সেটির সার্ভে করাটা জরুরী বলে জানান আইনজীবীরা।
৫. উত্তরাধিকার
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ জানান, যার কাছে থেকে জমি কেনা হচ্ছে তিনি যদি সেই জমি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে ওই জমি তার নামে রেজিস্ট্রেশন করে দেয়া হয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। এটিকে বলা হয় বন্টন নামা। এই বন্টননামা অনুযায়ী, তার আরো ভাই বোন থাকলে তাদের সাথে সঠিক বন্টন অনুযায়ী তিনি ওই জমির মালিক হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখতে হবে।
তিনি বলেন, যদি এমন হয় যে, বন্টন নামা হয়নি কিন্তু তিনি জমি ভোগ দখল করছেন এবং তার আরো ভাই বোন আছে তাহলে ওই জমি কিনলে ভবিষ্যতে ঝামেলা তৈরি হতে পারে। কারণ ভাই-বোনেরা প্রতিটি জমিতেই সমান অংশীদার থাকেন।
৬. মর্টগেজ
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জানায়, জমি কেনার আগে যাচাই করে দেখতে হবে যে, ওই জমিটি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক বা মর্টগেজ রাখা হয়েছে কিনা।
কোন সম্পত্তি বা জমি মর্টগেজ দেয়া হয়েছে কিনা তা এখন জানা আগের তুলনায় কিছুটা সহজ। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কিত অনলাইন সেবা পাওয়া যায়। সেক্ষেত্রে নির্ধারিত লিঙ্কে ঢুকে যেকোন জমির মর্টগেজের তথ্য পাওয়া যায়।
এই লিঙ্কটি বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত থাকে। আর বাংলাদেশ ব্যাংকের কাছে বাংলাদেশে মর্টগেজে রাখা সম্পত্তির তালিকা রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা।
