নদীতে ডুবন্ত যুবককে বাঁচাতে ১০ হাজার দাবি ডুবুরির, অবশেষে মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

অর্থের কাছে মানবিকতা যেন মূল্যহীন। ভারতের উত্তরপ্রদেশের একটি ঘটনায় এমনটাই প্রকাশ্যে এসেছে। গঙ্গায় প্রবল স্রোতে হাবুডুবু খাচ্ছিলেন এক যুবক। তাকে বাঁচানোর জন্য গঙ্গার পাড়ে থাকা ডুবুরিদের কাছে সাহায্য চেয়েছিলেন ওই যুবকের বন্ধুরা। কিন্তু, ডুবুরিরা স্পষ্ট জানিয়ে দেন অর্থ না পেলে তারা ওই ব্যক্তিকে বাঁচাবেন না। শেষ পর্যন্ত দর কষাকষির পর ডুবুরিকে অর্থও দেওয়া হয়। কিন্তু, ততক্ষণে তলিয়ে যান ওই যুবক। 

শনিবার বিকেলে উন্নাওয়ের বিলহাউরের নানামাউ ঘাটে গোসল করার সময় গঙ্গায় প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন ওই যুবক। তবে তিনি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগের ডেপুটি ডিরেক্টর আদিত্য বর্ধন। ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরে বিস্মিত পুলিশ। যদিও রবিবার পর্যন্ত ওই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সি আদিত্য তার বন্ধুদের সঙ্গে ওই ঘাটে গিয়েছিলেন। এর পর ছবি তোলার জন্য গভীর পানির দিকে চলে যান। 

ডিসিপি (পশ্চিম) রাজেশ কুমার সিং বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার ছবি তুলতে চেয়েছিলেন আদিত্য। সেই সময় তিনি গভীর পানিতে চলে গিয়েছিলেন। তিনি সাঁতার জানতেন। কিন্তু, পানির স্রোত বেশি থাকায় তিনি হাবুডুবু খাচ্ছিলেন। তা দেখার পর আদিত্যর বন্ধুরা সাহায্যের জন্য ঘাটে থাকা ডুবুরিদের অনুরোধ করেছিলেন। 

কিন্তু, একজন ডুবুরি ১০ হাজার টাকা দাবি করে। কিন্তু, আদিত্যর বন্ধুরা জানান, তাদের কাছে নগদ টাকা নেই। তখন ডুবুরিরা অনলাইনে অর্থ প্রদানের দাবি জানায়। তবে অনলাইনে দেওয়ার সময় বেশ কিছুটা সময় অতিবাহিত হয়। তার মধ্যেই পানিতে ভেসে যান আদিত্য বাবু।

বিলহাউরের এসিপি অজয় কুমার ত্রিবেদী জানান, তার অনুসন্ধান করা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ এবং ডুবুরিরা ওই কর্মকর্তার সন্ধান চালাচ্ছেন। 

ডুবুরিদের টাকা দাবি করার অভিযোগের বিষয়ে ডিসিপি বলেন, অভিযোগের কোনো সত্যতা খুঁজে পেলে ডুবুরিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত