সিরিজ সেরার প্রাইজমানি নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের অসামান্য পারফর্মেন প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। দুই ম্যাচের এই সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদি হাসান মিরাজ। এই পুরস্কারের অর্থ জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনে নিহত একজন রিকশাচালকের পরিবারকে দান করার ঘোষণা দিয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেছেন, ‘আমি খুবই আনন্দিত দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হতে পেরে। অল-রাউন্ডারের কাজটা খুবই কঠিন। তবু আমি চেষ্টা করেছি স্ট্রাইক রোটেট করতে। মুশফিক ভাই এবং লিটন দাসের সঙ্গে ব্যাটিং করে খুবই ভালো লেগেছে। পাঁচ উইকেট পেয়ে ভালো লাগছে, আরও ভালো বোলিং করার চেষ্টা করব। দলের সবাই আমার পারফর্মেন্সে খুশি।'

সিরিজ সেরার প্রাইজমানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অব দ্য সিরিজ হয়েছি। সম্প্রতি আমাদের দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যেখানে অনেকে শহীদ হয়েছেন। এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান।  এই ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই।’

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দুটি ফিফটিতে ১৫৫ রান করেছেন মিরাজ। তার দুটি ইনিংস ছিল ৭৮ এবং ৭৭ রানের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন। পরে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। দুই টেস্ট মিলিয়ে বল হাতে মিরাজ শিকার করেছেন ১০ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত