আবরার ফাহাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

আইনজীবী শাহীন আলম এ রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, বুয়েটসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগকে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দিয়েছে আদালত। আবরারের ওপর নির্যাতনের সময় কার বা কাদের ব্যর্থতা ছিল কমিশন সে বিষয়টি নির্ধারণ করবে।

২০১৯ সালের ৭ অক্টোবর ভোরে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারের মরদেহ উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের করিডোর থেকে। পরে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি নিয়ে ফেসবুকে একটি পোস্টের জের ধরে রাতে আবরারকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী (পরে বহিষ্কৃত)। এ নিয়ে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। বিক্ষোভ ও আন্দোলনে অচল হয়ে পড়ে বুয়েট।

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত