পাকিস্তানে সন্ত্রাসবাদ ঠেকাতে কি করবে জানাল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান।

ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘মুসাখাইলে ২৩ জন নিরপরাধ বেসামরিক নাগরিককে হত্যাসহ গত সপ্তাহে নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন।’

এসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানান মিলার।

এর আগে গত সপ্তাহে বেলুচিস্তানে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১৪ জন নিরাপত্তা কর্মীসহ ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। মুসাখেল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাক থেকে নামানোর পর অন্তত ২৩ জন যাত্রী নিহত হন। এদিকে, কালাতে বন্দুক হামলায় পুলিশ ও বেলুচিস্তান লেভিসের সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এছাড়া নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (এলইএ) ৪ সদস্যসহ অন্তত ১৪ জন অভিযানে নিহত হয়েছেন। এসময় তারা অন্তত ২১ জঙ্গি নিহত হয়।

বেলুচিস্তান হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘সহিংস চরমপন্থী সন্ত্রাসীদের হাতে পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে ভোগান্তির শিকার হয়েছে।’

আঞ্চলিক নিরাপত্তার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের অভিন্ন স্বার্থ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো অব্যাহত রাখবে।

পাক-ইরান গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞা প্রয়োগ অব্যাহত রাখব। এবং অবশ্যই, আমরা পরামর্শ দিচ্ছি যে যারা ইরানের সাথে ব্যবসায়িক চুক্তির কথা চিন্তা করছেন তারা যেন এই চুক্তির সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন হন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত