কক্সবাজারে সাগরে নেমে পর্যটক নিখোঁজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

কক্সবাজারে সাগরে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়া আরও চারজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

জানা যায়, নিখোঁজ মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

নিখোঁজের স্বজন ও বন্ধুদের বরাতে তানভীর হোসেন বলেন, বুধবার সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে ৫ জন স্রোতের টানে ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ৩ জনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজন ভেসে যেতে থাকে। পরে লাইফগার্ড কর্মীরা ভেসে যাওয়াদের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও অপর একজন ভেসে যায়। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত