'৯০০' করে ফেললেন রোনালদো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশেষ অর্জনের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুভসূচনা করল পর্তুগাল। লিসবনে বৃহস্পতিবার রাতে এক নম্বর গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। দলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি করে ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো।

ম্যাচের ৭ মিনিটেই অবশ্য গোল পেয়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ফার্নান্দেসের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নেন দালোত। এরপর ডিফেন্ডার বোর্না সোসাকে বাধা দেওয়ার কোনো সুযোগ না দিয়ে, জায়গা বানিয়ে কোনাকুনি শটে জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফুল-ব্যাক দালোত।

৩৪ মিনিটেই অনন্য কীর্তিটি গড়েন রোনালদো। ছয় গজ দূর থেকে বক্সে ক্রস বাড়ান নুনো মেন্দেস, বলের ওপর তীক্ষ্ণ নজর রেখে, প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে রোনালদোর গোল হলো ৯০০টি। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতার জাতীয় দলের হয়ে গোল হলো ১৩১।

বিরতির আগে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন দালোত।

বাকিটা সময় জাল অক্ষত রেখে হাসিমুখে মাঠ ছাড়ে প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

এই গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত