কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
রোববার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। তথ্যের ভিত্তি বিজিবিরেএকটা দলে ওই এলাকায় অবস্থান নেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৫জন ব্যক্তিকে কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা বিজিবি টহলদলের উপস্থিতি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে তাদের মধ্য হতে একজনকে আটক করতে সক্ষম হয়। বাকি চারজন পালিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগগুলো ফেলে রেখে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং কাঞ্চন পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মো. ইরফান (২২) । তাকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
