জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার কাশ্মীরের রামবনে দলীয় প্রার্থী রাকেশ সিং ঠাকুরের সমর্থনে বক্তৃতা করছিলেন রাজনাথ।
সেখানেই তিনি পাক অধিকৃত কাশ্মীরের অধিবাসীদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দেন। তিনি বলেন, “পাকিস্তান আপনাদের সঙ্গে বিদেশির মতো আচরণ করে। আমরা তা করব না। আমরা আপনাদের আপন করে নেব।”
উপত্যকায় ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটকেও আক্রমণ করেন রাজনাথ। ওমর আবদুল্লারা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। সেই প্রসঙ্গ টেনেই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, বিজেপি যতদিন ক্ষমতায় থাকছে, ততদিন কারও পক্ষে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনা অসম্ভব।
উপত্যকাবাসীর উদ্দেশে রাজনাথ বলেন, “জম্মু ও কাশ্মীরে পরবর্তী সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন। আমরা এখানে আমূল উন্নয়ন করব। তখন এত উন্নয়ন হবে যে, পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা তা দেখে আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবেন না। পরিবর্তে তারা ভারতের সঙ্গে আসতে চাইবেন।”
এর পরই প্রতিরক্ষামন্ত্রীর আরও সংযোজন, “পাক অধিকৃত কাশ্মীরের সব বাসিন্দাকে আমি বলতে চাই, পাকিস্তান আপনাদের সঙ্গে বিদেশিদের মতো আচরণ করে। কিন্তু ভারতীয়েরা আপনাদের সেই ভাবে দেখেন না। আমরা আপনাদের আপন লোক মনে করি। আপনারাও আসুন, ভারতের সঙ্গে যুক্ত হোন।”
এবার কেনিয়ার গার্লস স্কুলে আগুন, আহত তিন