সাবালেঙ্কার ‘তিন’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ এএম

এক বছর আগে ইউএস ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে গিয়েও হেরেছিলেন আরিনা সাবালেঙ্কা। হারের পর পুরস্কার বিতরণী শেষে নিজের লকার রুমে গিয়ে মাটিতে র‌্যাকেট আছড়ে ভেঙেছিলেন সাবালেঙ্কা। এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেননি বেলারুশের এই টেনিস তারকা। দ্বিতীয় বাছাইয়ে সাবালেঙ্কা ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে। প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন সাবালেঙ্কা। এটি তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সাবালেঙ্কা।

হার্ড কোর্টে টেনিসের মেজর টুর্নামেন্টে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইলেন সাবালেঙ্কা। আমেরিকার খেলোয়াড় হওয়ায় স্বাভাবিক ভাবেই আর্থার অ্যাশ স্টেডিয়ামের সমর্থন বেশি ছিল ৩০ বছরের পেগুলার দিকে। শনিবারের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ ছিল গ্যালারিও। তবে ১ ঘণ্টা ৫৩ মিনিটে পেগুলাকে হারিয়ে ২৬ বছরের সাবালেঙ্কা আনন্দে মাটিতে শুয়ে পড়েন।

সাবালেঙ্কা বলেন, ‘এই মুহূর্তে আমি বাকরুদ্ধ। সব সময় স্বপ্ন দেখতাম এই সুন্দর ট্রফিটা জেতার। অবশেষে আমি এই সুন্দর ট্রফিটি নিজের করে নিতে পেরেছি। যদি আপনি কঠোর পরিশ্রম করেন নিজের স্বপ্নপূরণের জন্য অন্য সবকিছুকে ত্যাগ করেন, একদিন সফলতা আসবেই। আমি নিজেকে নিয়ে গর্বিত এমনটি আগে বলিনি তবে সত্যিই আমি নিজেকে নিয়ে গর্বিত। আমার দল (কোচিং স্টাফ) নিয়েও গর্বিত যাই ঘটুক সব বাধা পেরিয়ে আমরা সুন্দর ট্রফিগুলো নিজেদের করে নিচ্ছি।’

পেগুলা হেরেছেন সাবালেঙ্কার আগ্রাসী টেনিস এবং চাপ সামলাতে না পারার কারণে। চাপের প্রভাব দেখা গেল পেগুলার সার্ভিসে। ম্যাচে ৬টি ‘এস’ সার্ভিস করলেও প্রথম সার্ভিসের তুলনায় দুর্বল ছিল। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সাবালেঙ্কা।

এর আগে সিনসিনাটি ওপেনে সাবালেঙ্কার কাছে হেরেছিলেন পেগুলা। ইউএস ওপেনে নিতে চেয়েছিলেন সেই হারের প্রতিশোধ। তবে পেগুলার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো। হারের পর পেগুলা বলেন, ‘কয়েক সপ্তাহ আগে সিনসিনাটিতেও আমাদের ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। বর্তমানে তিনি (সাবালেঙ্কা) বিশ্বের সেরাদের একজন। তার (শটে) পাওয়ার আছে সহজে আপনাকে জিততে দেবে না। তার গতিময় শটে আপনার হাত থেকে র‌্যাকেট পড়ে যেতে পারে।’ এরপর কিছুটা মজা করেই পেগুলা বলেন, ‘আমি ভেবেছিলাম তিনি অন্তত একটি সেট আমাকে জিততে দেবেন।’

অ্যাঞ্জেলিক কেরবারের পর সাবালেঙ্কাই একই বছরে অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জিতলেন। কেরবার এমন কীর্তি করেছিলেন ২০১৬ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত