ফারহান হত্যা: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৪ জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগটি দায়ের করেন ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া। পরে অভিযোগ দাখিলের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১২টি অভিযোগ দায়ের হলো।

ফারহান ফাইয়াজের হত্যার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাজধানী ধানমন্ডির ২৭ নম্বর সড়কের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের সঙ্গে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফাইয়াজও অংশ নেন। সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালায়। রেসিডেনসিয়াল মডেল কলেজের এইচএসসি ২৫তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফাইয়াজ দুপুরে গুলিবিদ্ধ হন। ফারহানের বন্ধুরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে লালমাটিয়ায় অবস্থিত সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অভিযোগে শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত