চিকিৎসককে মারধর, কক্সবাজার সদর হাসপাতাল কমপ্লিট শাটডাউন 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে এক চিকিৎসককে মারধরের ঘটনায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা। গতকাল মঙ্গলবার রাত ১টা থেকে কক্সবাজার সরকারি হাসপাতালের জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়।

এর আগে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন ডা. সজীব কাজী নামের এক চিকিৎসক। হামলার শিকার সজীব হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন।

সিসিটিভি ফুটেছে দেখা যায়, কক্সবাজার সদর হাসপাতালের সিসিসইউতে কক্সবাজার শহরের দুই নাম্বার ওয়ার্ডের আজিম নামের এক রোগীর মৃত্যুর পর তার আত্মীয়-স্বজনরা সিসিইউতে প্রবেশ করে প্রথমে ভাঙচুর চালায়। পরে চিকিৎসক সজীবকে মারধর করেন। এক পর্যায়ে তাকে টেন হেঁচড়ে মারতে মারতে চারতলা থেকে নিচে নামিয়েও মারধর করতে থাকে। এক পর্যায়ে অন্য চিকিৎসকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। গতকাল রাত ১টার দিকে চিকিৎসকের উপর হামলা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে চিকিৎসকরা।

কক্সবাজার হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল অফিসাররা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসককের কোন নিরাপত্তা নেই। কোন কারণ ছাড়া হামলার শিকার হতে হচ্ছে চিকিৎসকদের। রাতে একজন চিকিৎসককে অমানবিকভাবে মারধর করা হয়েছে। যেভাবে তাকে মারা হয়েছে তাতে তার মৃত্যু হতে পারতো। আল্লাহ তাকে রক্ষা করেছেন। তাই যতক্ষণ ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ আমরা কর্মবিরতি করবো। তারা সেনাবাহিনী মোতায়েন করে সকল ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক সজীবের উপর হামলার ঘটনা ঘটেছে। চিকিৎসকরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এখন জরুরি বিভাগসহ সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছে। ডাক্তার সেবা না দিলে সমস্যা তো হবেই। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত