পদত্যাগ করলেন নার্সের পরিচালক, এবার ডিজির পালা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। এই দাবিতে আন্দোলনও করছেন তারা। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই ‘মার্চ টু ডিজিএনএম’ শীর্ষক কর্মসূচি নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এমন অবস্থায় পদত্যাগ করলেন অধিদপ্তরের পরিচালক (অর্থ ও বাজেট) ডা. স্বপন কুমার মন্ডল। গত সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত পদত্যাগপত্র জমা দেন তিনি।

এতে বলা হয়, ‘বিনীত নিবেদন এই যে আমি ডা. স্বপন কুমার মন্ডল উপসচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর পরিচালক (অর্থ ও বাজেট) পদে কর্মরত আছি। নার্সদের পেশা নিয়ে অসম্মানজনক মন্তব্য করার কারণে সর্বসাধারণ নার্সদের দাবির পরিপ্রেক্ষিতে আমি অত্র অধিদপ্তরের পরিচালক (অর্থ ও বাজেট) পদ হতে অদ্য ০৯/০৯/২০২৪ ইং তারিখে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম।’

এবার ডিজির পালা:

অধিদপ্তরের নার্স কর্মকর্তা ও শিক্ষার্থীরা বলছেন এবার অধিদপ্তরের ডিজির পদত্যাগের পালা। তাদের দাবি, নার্সিং মহাপরিচালক নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয়—প্রতিপন্ন করেছেন। এমনকি এখনও তিনি নার্সিং অধিদপ্তরে বসে স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।

এ ব্যাপারে নার্স নেতা সাব্বির মাহমুদ তিহান বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার দায়িত্ব সুলভ আচরণ করেন। এ সময় আমাদের একজন নার্স বলেন, ‘আগে বদলি সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারতেন না, কারণ আগে তো কোণঠাসা করে রাখা হয়েছিল তাই কথা বলতে পারিনি, এখন—তো স্বাধীনভাবে কথা বলতে পারি।’ তখন মহাপরিচালক ধমক দিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন, ‘কিসের স্বাধীনভাবে কথা বলতে পারেন? কিসের আবার স্বাধীনতা?’

তিনি বলেন, এক পর্যায়ে নার্সদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘আপনারা একটা ছোট চাকরি করেন। এখন আপনারা দ্বিতীয় শ্রেণির অফিসার হয়েছেন; শেখ হাসিনা যে আপনাদের দ্বিতীয় শ্রেণি করছে, এইটাই সবচেয়ে বড় ভুল ছিল।’ আমরা মনে করি, তার এই বক্তব্যে নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয়—প্রতিপন্ন করা হয়েছে যা নার্সিং সমাজকে ব্যথিত ও ক্ষুব্ধ করে তুলছে।

তিহান আরও বলেন, নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না, তাই অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই সমগ্র নার্স জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত