সরকারি হাসপাতালে আবারও চিকিৎসককে হেনস্থা। জুতা ছোড়ার পাশাপাশি তার জামার কলার ধরে মারার অভিযোগ উঠল এক নারীর বিরুদ্ধে। চিকিৎসককে মারধরের ভিডিও সোশ্যালে ভাইরাল হতেই চরম আকার নিয়েছে বিতর্ক। জানা গেছে, ঘটনাটি ভারতের কর্নাটকের চিক্কামাগালুরুরের।
পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে আহত হয়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ জেলা হাসপাতালে আসেন এক নারী। সেই সময় হাসপাতালে পৌঁছান ওই নারীর স্বামী। হাসপাতালের মধ্যেই একে অপরের সঙ্গে চিৎকার করে ঝগড়া শুরু করেন দুই পক্ষ। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে মেডিক্যাল রিপোর্ট দাবি করেন চিকিৎসকের কাছে। প্রথমে দুজনকেই শান্ত করার চেষ্টা করেন চিকিৎসকরা। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি গুরুতর আকার নেয়।
এরই মাঝে হঠাৎ কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা চালান ওই নারী। ডাক্তারকে লক্ষ্য করে জুতা ছোড়ার পাশাপাশি তার কলার ধরে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে প্রতিবাদে নামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। খবর পেয়ে সেখান উপস্থিত হয় পুলিশ। খবর ডেকান হেরাল্ড ও সংবাদ প্রতিদিনের।
অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করার পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অপরদিকে চিকিৎসকের ওপর হামলার ভিডিও সোশ্যালে শেয়ার করেছেন কর্নাটকের বিজেপি নেতা সিটি রবি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা রুখতে অবিলম্বে সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
সিলেটে চিকিৎসকের ছেলে নিখোঁজ, একদিনেও মেলেনি সন্ধান 