রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এনজিও ক্যাটাগরীতে ব্রোঞ্জ পদক অর্জন করে শক্তি ফাউন্ডেশন। অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা, এনজিও ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শক্তি ফাউন্ডেশন তিন দশকেরও বেশি সময় ধরে দেশের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ক্লাইমেট চেঞ্জ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। সেইসাথে আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিতকরণে ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের ব্যবহারে অগ্রণী ভূমিকা রেখেছে। সম্প্রতি ক্রেডিট রেটিং এ শক্তি ফাউন্ডেশন দীর্ঘমেয়াদে এ এ (হাই সেফটি) এবং স্বল্প মেয়াদে এস-২ (হাই গ্রেড) অর্জন করেছে।
এ উপলক্ষে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন,‘তৃতীয় বারের মতো আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে দিয়ে কর্মক্ষেত্রের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের প্রতি শক্তি ফাউন্ডেশনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। এ অর্জনে আমরা অত্যন্ত সম্মানিত।’