সেই রিকশাচালকের পরিবারের হাতে অর্থ তুলে দিলেন মিরাজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হওয়ায় পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ ছাত্র-গণআন্দোলনে নিহত একজন রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবার সেই ঘোষণার বাস্তবায়ন করলেন মিরাজ। 

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই পরিবারটির সঙ্গে ছবি পোস্ট করে মিরাজ লিখেছেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কন্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে।’

মিরাজ আরও লিখেছেন, ‘সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের 'ম্যান অব দ্যা সিরিজ' এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত