টি–টোয়েন্টির 'মারদাঙ্গা' জাকের কেন টেস্ট দলে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

জাকের আলী অনিকের জাতীয় দলের হয়ে শুরুটা টি-টোয়েন্টি দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠ সিলেটে স্বপ্নের মতো এক ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন। তবে গত মাসে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে ১৭২ রানের ইনিংস খেলে নির্বাচকদের হৃদয় ছুঁয়ে নেন। 

সেই ইনিংস দিয়েই এবার ভারত সিরিজে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু দলে তার অন্তর্ভুক্তি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কার জায়গায় নেওয়া হলো তাকে?

পাকিস্তান সিরিজে জাকের আলী ছিলেন না। ঐ সিরিজ থেকে পরিবর্তন এসেছে কেবল একটিই। সেটা শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার চোট পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে। এখনও পুরোপুরি সেরে উঠেননি। আর তার জায়গাতেই এলেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের। 

তাকে দলের নেয়ার কারণ ব্যাখ্যা করেছেন অন্যতম নির্বাচক হান্নান সরকার, 'কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনায় পাকিস্তানে আমরা ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। সেই জায়গা থেকে এবার একজন কমিয়ে ৪ জন করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে মিডল অর্ডারে ব্যাটিং শক্তি বাড়ানো প্রয়োজন। আর সেই চিন্তা থেকেই জাকেরকে নেওয়া।'

কিন্তু কেন জাকের? জানতে চাইলে হান্নান বলেন, 'আমাদের আগের সবগুলো পরিকল্পনায় শাহাদাত দীপু ছিল। তাকে রাখা হয়েছিল যেসব সিরিজে মুশফিক ও সাকিব অনুপস্থিত থাকত। সেই জায়গা থেকে বেশ কিছু সুযোগ পেয়েছে এবং ভালোমন্দ মিলিয়ে পারফর্ম করেছে।'
হান্নান যোগ করেন, 'কিন্তু সবশেষ বাংলাদেশ এ দলের হয়ে অস্ট্রেলিয়া ও পাকিস্তান সফরে ছন্দে নেই দীপু। তাই তাকে জাতীয় দলে বিবেচনা করা হয়নি। তার জায়গায় জাকেরকে বিবেচনা করা হয়েছে কারণ পাকিস্তাতানে একটা ১৭২ রানের ইনিংস আছে। দীপু প্রস্তুতি নিচ্ছে জাতীয় লিগে খেলার।'

ইসলামাবাদে ১৭২ রানের ইনিংস খেলার পথে জাকেরের একটি সুইপ শট

কয়েক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন জাকের। ২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০টি ইনিংসে তাঁর রান ২০০৬, গড় ৪০.১২। সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচটি ছিল গত মাসে পাকিস্তানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলেছিলেন জাকের, যাতে ছিল ১৭টি চার ও ৫টি ছক্কা। সব মিলিয়ে তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি, ৮১ ইনিংসে ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৮৬২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত