সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে মারা যান তিনি। সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু তার মৃত্যুর খবর স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খবর দ্য হিন্দুর।
খবরে বলা হয়, গত ১৯ আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাকে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে তার অবস্থার অবনতি হয়। পরে বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালের ১২ আগস্ট ইয়েচুরির জন্ম মাদ্রাজে (অধুনা চেন্নাই)। পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। স্কুলশিক্ষা প্রথমে সেখানেই। ১৯৬৯ সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন। সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। তার পর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ।
জেএনইউয়েই ইয়েচুরির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ। সেখানে পড়াকালীনই সিপিএমের সদস্যপদ গ্রহণ করেন এবং পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন। ১৯৭৮ সালে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন। ১৯৮৪ সালে এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি। সিপিএমের অন্ধ্রপ্রদেশ (তখন অবিভক্ত) রাজ্য কমিটিতে ছিলেন।
১৯৮৫ সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। ১৯৯২ সাল থেকে পলিটব্যুরোর সদস্য। ২০১৫ সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে তিনি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী