ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর মহেন্দ্র সিং ধোনি। দুজনের মাঝে ধোনি তো সফলতম হিসেবে খ্যাত। তার নেতৃত্বে দুটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপরও ধোনিকে সেরা অধিনায়ক বলতে নারাজ যুবরাজ সিং।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল যুবরাজের। দুটি আসরেই তার ব্যাটের দিকে তাকিয়ে ছিল ভারত। এক সাক্ষাৎকারে সেই যুবরাজকে সেরা অধিনায়ক বেছে নিতে বলা হয়। অপশন দেওয়া হয় তিনটি- সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিং ধোনি।
যুবরাজ বলেন, ‘আমি ধোনি এবং সৌরভ উভয়ের নেতৃত্বেই খেলেছি। দীর্ঘদিন খেলেছি। তবে ভারতীয় দলে জায়গা পেয়েছিলাম সৌরভের নেতৃত্বে। আমার মনে হয় সৌরভই সেরা।’
২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ। ২০০০ সালেই আইসিসি নকআউট ট্রফির (এখন চ্যাম্পিয়ন্স ট্রফি) দলে জায়গা পান তিনি। সেই টুর্নামেন্টেই সৌরভের নেতৃত্বে কেনিয়ার বিপক্ষে তার অভিষেক হয়েছিল। ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ বলে ৮৪ রানের ইনিংস খেলে নিজেকে জানান দেন।
কালের পরিক্রমায় সেই যুবরাজ হয়ে ওঠেন ছয় বলে ছয় ছক্কার রাজা। ২০১১ সালে ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ। আসরে ৩৬২ রানের পাশাপাশি নিয়েছিলেন ১৫ উইকেট। ওই বছরের অক্টোবরে তার ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। মারণব্যাধির সঙ্গে লড়াইয়েও জিতে যান যুবরাজ। এরপর তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন শান্তরা
নন্দিত, বিতর্কিত হাথুরুসিংহের জন্মদিন আজ