নিম্ন জন্মহার, চাকরিতে অবসরের সময় বাড়াচ্ছে চীন

  • অবসরের বিধিবদ্ধ বয়সসীমা ধীরে ধীরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন
  • অবসরের বয়স ধীরে ধীরে ৬০ বছর থেকে ৬৩ বছর করা হবে
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

চাকরির ধরণ অনুযায়ী চাকরিজীবীদের অবসরে যাওয়ার সময় বাড়াচ্ছে চীন। দেশটিতে বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাওয়া এবং পেনশন তহবিলের অর্থসংকটের কারণে চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ধীরে ধীরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটি জানিয়েছে, তারা অবসরের বিধিবদ্ধ বয়সসীমা ধীরে ধীরে বাড়াবে। তাই চাকরির ধরণ অনুযায়ী চাকরিজীবীদের অবসরের সময় বাড়ানো হচ্ছে। 

শুক্রবার চীনের শীর্ষ আইনসভা ব্লু-কলার চাকরিতে নারীদের অবসরের বয়স ৫০ থেকে ৫৫ বছর এবং হোয়াইট-কলার চাকরিতে তাদের অবসরের বয়স ৫৫ থেকে ৫৮ বছরে উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পুরুষদের অবসরের বয়স ৬০ থেকে ৬৩ বছরে উন্নীত হতে পারে।

বেইজিংয়ের কর্মকর্তারা জানান, পুরুষ কর্মীদের জন্য বিধিবদ্ধ অবসরের বয়স ধীরে ধীরে ৬০ বছর থেকে ৬৩ বছর করা হবে। আর চাকরির ধরণ অনুযায়ী নারী কর্মীদের জন্য অবসরের বিধিবদ্ধ বয়স ৫০ অথবা ৫৫ বছর থেকে বাড়িয়ে যথাক্রমে ৫৫ এবং ৫৮ বছর করা হবে।

সিনহুয়া আরো জানিয়েছে, অবসরের বয়স ২০২৫ সাল থেকে ১৫ বছরে ধীরে ধীরে বাড়ানো শুরু হবে।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে চীনের জাতীয় পরিসংখ্যান দপ্তরের (এনবিএস) হালনাগাদ তথ্যানুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো দেশটিতে কমেছে জনসংখ্যা। সংস্থাটির তথ্যমতে, ২০২৩ সালে চীনের জনসংখ্যা কমে ১৪০ কোটি ৯০ লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ২০ লাখ ৮০ হাজার কম।

এনবিএস বলছে, গত বছর দেশটিতে প্রতি এক হাজার জনের বিপরীতে শিশুর জন্মহার ৬ দশমিক ৩৯। ২০২২ সালেও এই হার ছিল ৬ দশমিক ৭৭। ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে এটিই সবচেয়ে কম জন্মহারের রেকর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত